ভৈরবে ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:০১ পিএম

জয়নাল আবেদীন রিটন, ভৈরব: বিভিন্ন অপরাধে ভৈরব রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার চার আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। গ্রেফতারকৃতরা ভৈরবে রেলওয়ে স্টেশনে বৈদ্যুতিক ক্যাবল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। 

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের বিভিন্ন মেয়াদের সাজাদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। 

গতকাল ৭ এপ্রিল মধ্য রাতে ক্যাবল চুরির অপরাধে প্রথমে আসলাম খান (৪০)কে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার  পালিয়াকান্দা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০), চাঁদপুর জেলার সদর থানার বাকরপুর এলাকার চান খানের ছেলে আসলাম খান (৪০), নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার গজারিয়া এলাকার খুরশেদ আলমের ছেলে রাকিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কালিকাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে সালাউদ্দিন (১৯)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসামি সালাউদ্দিন ও রাকিবকে স্টেশন এলাকায় ট্রেনের ছাদে উঠে ছিনতাইয়ের প্রস্তুতির অপরাধে ২ মাস কারাদণ্ডসহ ১০০ করে টাকা জরিমানা করা হয়েছে। ক্যাবল চুরির অপরাধে আসলামকে ১ মাস কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে গ্রেপ্তার হওয়া ইয়াছিনের কাছে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ইয়াছিনকে ৬ মাসের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করে। অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করে।  

এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে ক্যাবল চুরির সময় স্থানীয় জনতা আসলাম খানকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে তার সহযোগী আরো বেশ কয়েকজন রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে রাতে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখিত চার আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। 

Advertisement

Link copied!