📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম

রাজবাড়ীতে বাকপ্রতিবন্ধী নারীর গর্ভে সন্তান: ডিএনএ টেস্টের দাবি

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম (আর্কাইভ)

রাজবাড়ীতে বাকপ্রতিবন্ধী নারীর গর্ভে সন্তান: ডিএনএ টেস্টের দাবি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক মানসিক ও বাকপ্রতিবন্ধী তরুণী (২৩) ধর্ষণের শিকার হয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহিনশাহী চাঁদপুর গ্রামে এই পৈশাচিকতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ওই তরুণীর তীব্র পেট ব্যথা শুরু হলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসক তরুণীর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী বাড়ি থেকে খুব একটা বের হতেন না। তবে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লোকলজ্জার ভয়ে এতদিন পরিবারটি বিষয়টি গোপন রাখলেও বর্তমানে অবস্থায় বিচারের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগীর বাবা ইউনুস কবিরাজ বলেন, "আমার প্রতিবন্ধী মেয়ের যে সর্বনাশ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ডিএনএ টেস্ট করে হলেও প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হোক।"

ভুক্তভোগীর ভাবি খুকুমণি জানান, অভিযুক্ত কাউকে তারা চেনেন না। তবে প্রশাসনের মাধ্যমে অপরাধীকে খুঁজে বের করে ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। অত্যন্ত দরিদ্র এই পরিবারের পক্ষে এখন ওই নারীর চিকিৎসার ব্যয়ভার বহন করাও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনাটি নিয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!