ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯২.৫০ শতাংশ।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে এই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবারের ডি ইউনিটের চারটি বিভাগের ৩৩০ আসনের বিপরীতে এতে আবেদনকারী ছিলেন ২ হাজার ৩৯ জন। তন্মধ্যে, আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন, যা মোট আবেদনকারীর ৯২.৫০ শতাংশ।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের নেতৃবৃন্দ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের অধীনে ৪টি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, কলা অনুষদের অন্তর্ভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং নতুন চালু করা ইসলামিক অ্যান্ড কমপারেটিভ রিলিজিয়ন অনুষদের অন্তর্ভুক্ত দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে।
আপনার মতামত লিখুন :