পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশ ও চলাচলে কঠোর বিধিনিষেধ: বন্ধ থাকবে ৫ প্রবেশপথ

মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাধারণের প্রবেশ ও যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই ক্যাম্পাসের ৫টি প্রবেশপথ বন্ধসহ যানবাহন চলাচলে কড়াকাড়ি আরোপ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল—এই পাঁচটি প্রবেশপথ সোমবার রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নীলক্ষেত প্রবেশপথ ছাড়া উদয়ন স্কুলের সামনের পথ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ক্যাম্পাসের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করবে।

জরুরি সেবায় নিয়োজিত (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) যানবাহন ব্যতীত অন্য কোনো যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নববর্ষের দিন (১৪ এপ্রিল) বিকাল ৫টার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ পুনরায় বন্ধ থাকবে। এ সময়ে বহিরাগতরা কেবল ক্যাম্পাস হতে বের হতে পারবেন। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে আয়োজিত সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সাথে রাখার এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Advertisement

Link copied!