শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:১৮ পিএম

'আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে 'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প'-এর আওতায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান দিনার। অভিযানকালে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া, নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!