মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে প্রথম ময়মনসিংহ জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ১১:৩৯ এএম

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে দেশের বিভিন্ন জেলা, রেঞ্জ ও ইউনিটকে পুরস্কারের জন্য মনোনীত করেছে পুলিশ সদর দপ্তর। এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, “ক” গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে কুমিল্লা জেলা পুলিশ এবং তৃতীয় স্থানে চট্টগ্রাম জেলা পুলিশ রয়েছে।

এছাড়া “খ” গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করেছে। “গ” গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় এবং গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়েছে।

অন্যদিকে “ঘ” গ্রুপে র‍্যাব-১৫ (কক্সবাজার) প্রথম, র‍্যাব-৩ (সিলেট) দ্বিতীয় এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) তৃতীয় স্থান লাভ করেছে। “ঙ” গ্রুপে ডিএমপি’র ওয়ারী বিভাগ প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মতিঝিল বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। “চ” গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এসব ইউনিটকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের এ অর্জনের পেছনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-ডিবি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়েছে। এতে ডিবির সাবেক ওসি  মো. মহিদুল ইসলামের ভূমিকাও উল্লেখযোগ্য। তিনি বর্তমানে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে ভালুকা মডেল থানায় কর্মরত রয়েছে। এ অর্জনে ময়মনসিংহের রাজনীতিবিদ, গুণীজন ও সাংবাদিকরা   অভিনন্দন জানিয়েছেন। 

এ সংক্রান্ত নির্দেশনায় সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে।

Link copied!