অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৫:২১ পিএম

অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, একটি অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরীর নেতৃত্বে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার ওসির নেতৃত্বে নতুন ব্রিজঘাট থেকে কোতোয়ালীমুখী মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে গাড়িটি কৌশলে ইউ-টার্ন নিয়ে পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোড এলাকার একটি কালভার্টের ওপর গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)।পরে সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Link copied!