জিএমপির অভিযানে ৭ ষাঁড় গরু উদ্ধার, ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ১১:২৯ পিএম

গাজীপুর মহানগরের বাসন থানার নাওজোড় ফ্লাইওভারে গরুবাহী পিকআপ ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ৭টি ষাঁড় গরু উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ও ছিনতাইকৃত দুইটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মো. চঞ্চল শেখ (২৫), মো. সুমন মিয়া (২৪), মো. শাওন (২৩) ও রূপচান (২২)। তাদের বাড়ি যথাক্রমে বগুড়া ও কুড়িগ্রাম জেলায় হলেও বর্তমানে তারা গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সোমবার (১৮ মে) জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার গরু ব্যবসায়ী মো. পারভেজ (৩৮) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বাজার থেকে ৮টি ষাঁড় গরু কিনে ভাড়াকৃত একটি পিকআপে করে ঢাকায় ফিরছিলেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৫ মিনিটে বাসন থানার নাওজোড় ফ্লাইওভারের পশ্চিম পাশে পৌঁছালে ৫/৬ জনের একটি ডাকাত দল পিকআপটির গতিরোধ করে গরুবাহী গাড়িটি ছিনতাই করে জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় নিয়ে যায়।

খবর পেয়ে বাসন থানার এসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়দেবপুরের বাঘের বাজার এলাকা থেকে ৪টি ষাঁড় গরুসহ একটি নীল রঙের পিকআপ উদ্ধার করেন। পরে আরও ৩টি গরু খুঁটিতে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ৪ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে ছিনতাইকৃত ঢাকা মেট্রো-ন-১৯-৩০৭০ নম্বরের পিকআপটি পরে কালিয়াকৈর থানার সামনে থেকে উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জিএমপি জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Advertisement

Link copied!