জনবান্ধব ভূমি সেবায় মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০২:৪২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা-এ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে প্রযুক্তিনির্ভর সেবা এখন মানুষের সময় ও ভোগান্তি কমিয়ে এনেছে। মেলায় এসে মানুষ সরাসরি নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন। তিনি বলেন, ভূমি সেবা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি সেবা। জনগণের দুর্ভোগ কমাতে এবং সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি।

মেলায় সাধারণ মানুষের জন্য চারটি পৃথক সেবা স্টল চালু করা হয়েছে। এগুলো হলো  নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল এবং ভূমি উন্নয়ন কর সেবা স্টল। এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। অনেকেই মেলায় এসে সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারির আবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক বাহারুল আলম বাবর, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম, তাৎক্ষণিক সেবা প্রদান ও পরামর্শ সেবা অব্যাহত থাকবে।

 

Link copied!