চুনারুঘাটে প্রথমবার এসে মাদক, বালু ও গাছ পাচারের বিরুদ্ধে কঠোর এমপি শাম্মী আক্তার

নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৭:৫২ পিএম

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার এমপি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান চুনারুঘাটে এসে মাদক, অবৈধ বালু উত্তোলন ও গাছ পাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, তারা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার বিকেলে চুনারুঘাট মধ্যবাজার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে শাম্মী আক্তার বলেন, “আজকে চুনারুঘাটবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, আমি এলাকার উন্নয়নের মাধ্যমে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমার কোনো ঋণ নেই, আমি কখনো ঋণখেলাপি হইনি। সততাই আমার রাজনীতি।”

বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে নিজের “রাজনৈতিক মা” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমার দ্বিতীয় মা বেগম খালেদা জিয়া। তিনি আমাকে রাজনীতির আদর্শ শিখিয়েছেন।”

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “দ্বিতীয়বারের মতো যে সম্মান ও দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল হক টুলু। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন। এসময় ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মধ্যবাজার এলাকা। হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন এমপি শাম্মী আক্তার।

 

Advertisement

Link copied!