পার্বত্য জেলা খাগড়াছড়িতে বেসরকারি খাতের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অভ্যন্তরীণ সংকট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।
সোমবার (২৪ মে) সকালে শহরের সেলিম মার্কেট এর সামনে অবস্থান করে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে এই ক্ষোভ উগরে দেওয়া হয়।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ জেলা কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংকের সাম্প্রতিক আর্থিক অস্থিতিশীলতা ও প্রশ্নবিদ্ধ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কঠোর সমালোচনা করেন বক্তারা।
সমাবেশে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলের অনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ অর্থ আত্মসাতের কারণে ব্যাংকটি তার দীর্ঘদিনের গৌরব হারাতে বসেছে। দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংকের বর্তমান পরিস্থিতি সাধারণ আমানতকারীদের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।
বক্তারা বলেন, ব্যাংকের ভেতরের কথিত অনিয়ম ও বড় অংকের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অর্থ লোপাটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া হুটহাট শীর্ষ কর্মকর্তাদের পরিবর্তন বা ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন বন্ধ করতে হবে।
"ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আস্থার প্রতীক ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে জবাবদিহিতার চরম ঘাটতি ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।"
নাগরিক এই প্রতিবাদী কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফোরামের জেলা আহ্বায়ক মাহবুবুল হক সেলিম এবং সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ইউসুফ, আরাফাত হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও ভুক্তভোগী গ্রাহকবৃন্দ।
সমাবেশের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দরা হুশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত ব্যাংক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছ ব্যবস্থাপনা ফিরিয়ে আনা না হলে সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :