পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত হলেই নিরাপদ হবে ঈদযাত্রা : মন্ত্রী শেখ রবিউল আলম

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৭:৫২ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, পরিবহন মালিক, শ্রমিক, চালক এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন, সুন্দর ও স্বস্তিদায়ক করতে সরকার নিয়মিতভাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সভা ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে। এবার মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাতেই তিনি কালিয়াকৈরে এসেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “পরিবহন মালিকরা যদি যানবাহনের ফিটনেস নিশ্চিত করেন, চালকদের সঠিকভাবে চিহ্নিত করে নিয়ম মেনে গাড়ি চালানোর ব্যবস্থা করেন এবং শ্রমিক নেতারা দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে স্থানীয় পুলিশ ও হাইওয়ে পুলিশ যদি কঠোরভাবে আইন প্রয়োগ করে পরিবহনগুলোকে নিয়ম মেনে চলতে বাধ্য করতে পারে, তবে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত হবে।

”মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই সড়ক দুর্ঘটনা কমানোর প্রধান উপায়। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদুল আজহার যাত্রা সফল ও নিরাপদ হবে।

চন্দ্রা মোড় এলাকায় অব্যবস্থাপনা ও যানজটের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। বাস কাউন্টারগুলোকে আরও শৃঙ্খলার মধ্যে পরিচালনা করতে হবে এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রেও নিয়ম মেনে চলতে হবে বলে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড.মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানসহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement

Link copied!