স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে আ. লীগ নেতারাও প্রার্থী হতে পারবেন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০১:২৫ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে এবং ব্যক্তিগত পরিচয়ে প্রার্থী হতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলটির নাম, পদ-পদবি বা পরিচয় ব্যবহার করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পরিচয়ে প্রার্থী হতে চান, তাহলে তিনি যে রাজনৈতিক মতাদর্শ বা দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকবে না।

অন্যদিকে তিস্তা অঞ্চলে পানি সংরক্ষণের লক্ষ্যে বড় ধরনের অবকাঠামো প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা নদীতেও ব্যারেজ বা জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে ভারত থেকে নেমে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায়।

তিনি আরও জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা বাংলাদেশ সরকারের পক্ষে বহন করা সম্ভব। তবে এ প্রকল্প বাস্তবায়নে অন্য কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত রাখা হবে।

Link copied!