ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অফিশিয়াল ভলান্টিয়ার সুমাইয়া আহমেদ রিদি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, ঠিক সেই সময় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জন্য এসেছে এক গর্বের সংবাদ। কুলাউড়ার কৃতি সন্তান সুমাইয়া আহমেদ রিদি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) হিসেবে নির্বাচিত হয়েছেন।

যৌথ আয়োজক দেশগুলোর অন্যতম কানাডার টরন্টো ভেন্যুতে তিনি দায়িত্ব পালন করবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক, অতিথি, কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের সহায়তা এবং আয়োজক দলের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবেন তিনি।

সুমাইয়া আহমেদ রিদি বর্তমানে কানাডার টরন্টোতে সপরিবারে বসবাস করছেন। তিনি কুলাউড়া সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক শাহিন আহমদ এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার চৌধুরী-এর কন্যা।

রিদি বাংলা, ইংরেজি, ফরাসি, কোরিয়ান ও হিন্দিসহ একাধিক ভাষায় দক্ষ। তাঁর এই বহুভাষিক দক্ষতা এবং নেতৃত্বগুণ আন্তর্জাতিক এই আয়োজনের জন্য তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টরন্টোতে আগত বিভিন্ন দেশের অতিথি ও কর্মকর্তাদের সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও তাঁর ওপর অর্পিত হতে পারে।

ফিফা বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার আগে তিনি কানাডার নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনি Elections Canada এবং Elections Ontario-এর অধীনে একাধিক নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবীরা সাধারণত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং বৈশ্বিক ক্রীড়া আয়োজনের অংশ হওয়ার সুযোগও তাদের জন্য উন্মুক্ত থাকে।

এ বিষয়ে সুমাইয়া আহমেদ রিদি মুঠোফোনে বলেন, “ফিফা বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আয়োজনে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই প্ল্যাটফর্মে আমি বাংলাদেশ, সিলেট ও কুলাউড়াকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করতে চাই।”

তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, আন্তর্জাতিক অঙ্গনে কুলাউড়ার একজন তরুণীর এমন সাফল্য নতুন প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে Canada, United States এবং Mexico-এ। এটি হবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ৪৮ দলের আসর।

 

Link copied!