বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঋতুপর্ণা ও তার পরিবারের পাশে এর আগেও দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বছর ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে যান। সেখানে তারা তার মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা। দেশের নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যে তার অবদান উল্লেখযোগ্য। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।
এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঋতুপর্ণা।
পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তার সাফল্যের গল্প আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের জন্য অনুপ্রেরণার উৎস।
আপনার মতামত লিখুন :