মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১০:১৮ এএম

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মাসিক সম্মানি ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানো হবে। ফলে বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ভাতা ২৫ হাজার টাকায় উন্নীত হবে। তবে সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা আগের মতোই ২০ হাজার টাকা বহাল থাকবে।

বাজেটে আরও উল্লেখ করা হয়েছে, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসাসেবা এবং দাফন অনুদানসহ বর্তমানে চালু থাকা অন্যান্য সুবিধাও অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত গেজেটের মাধ্যমে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি ‘বীর নিবাস’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য বর্তমানে চালু থাকা মাসিক ২০ হাজার টাকা ভাতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের জন্য এ, বি ও সি ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা মাসিক ভাতা প্রদানের ব্যবস্থাও বহাল থাকবে।

 

এ ছাড়া আগামী অর্থবছরে জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে মোট ১৬ হাজার ৫১৩ জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

Advertisement

Link copied!