নতুন লুকে পরী চরিত্রে মুগ্ধ করবেন শায়লা সাথী

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬, ০৭:২২ পিএম

নতুন লুকে পরী চরিত্রে মুগ্ধ করবেন শায়লা সাথী

ফাইল ফটো

ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ শায়লা সুলতানা সাথী। এবার নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। সিডি চয়েস-এর ব্যানারে নির্মিত ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই নাটকে তাকে ‘পরী’ নামক একটি অনবদ্য ও বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে।

নাটকটিতে শায়লা সাথীর বিপরীতে জুটি বেঁধেছেন এসময়ের তরুণ জনপ্রিয় অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। যিনি এই ধারাবাহিক নাটকে ‘প্রান্ত’ চরিত্রে অভিনয় করছেন। নিজের নতুন চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত শায়লা সাথী নাটকটি প্রসঙ্গে জানান, গল্প এবং চরিত্র মিলিয়ে দর্শক এখানে একদম নতুন এক শায়লা সাথীকে আবিষ্কার করতে পারবেন। ‘প্রান্তর পরী’র এই রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে। সাথী আরও বলেন, এ ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। তাই চরিত্রটি নিয়ে শুরু থেকেই আলাদা প্রস্তুতি নিয়েছি। আশা করছি দর্শক নতুন এই রূপটি পছন্দ করবেন।

 

নির্মাতা মেঘ বলেন, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে পরীরূপে দেখা যাবে শায়লা সাথীকে। আমরা আশা করি এই ফ্যামিলী ড্রামাটি দর্শকের পছন্দের তালিকায় থাকবে। ধারাবাহিকটতে শায়লা সাথী ও আবিদ বিন প্রান্ত ছাড়া আরও অভিনয় করেছেন, দীপা খন্দকার, সিনি স্নিগ্ধা, পারিসা জান্নাত, রেশমা আহমেদ, কাজী রাজু, জেবুন্নেসা টুনটুনি, সাবা সুস্মিতা প্রমুখ। ধারাবাহিক এই নাটকটি প্রতি রবিবার ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলার পর্দায় দেখা যাবে।

Link copied!