বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০২:০৯ পিএম

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মোঃ রাজিব ভূইয়া ,বেলাবো :নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক ডা. মঈনুল হাসান চিশতি সরকারি কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। একই সাথে তার চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।

ঘটনার প্রেক্ষিতে জানা যায়, সরকারি হাসপাতালের দায়িত্ব অবহেলা করে ঢাকার ধানমন্ডি এলাকার পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করার সময় স্বাস্থ্যমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে গিয়ে তাকে হাতেনাতে ধরেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা না দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে সময় দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগে মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত ডাক্তারকে তাদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে।

পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-কে তার চিকিৎসা নিবন্ধনের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে চাকরি থেকে স্থায়ী/সাময়িক বরখাস্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের নির্দেশনার আলোকে ইতোমধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং রোগীদের সার্বিক সেবা নিশ্চিত করতে এমন অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি বজায় থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Link copied!