প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশ রাখবো পরিচ্ছন্ন' এই স্লোগানকে সামনে রেখে শহরের প্রধান সড়কের দু'পাশে ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের বকুলতলা থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের অংশ হিসেবে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এই কর্মসূচি আমরা দীর্ঘ মেয়াদে করব। তিনি বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা শহরটাকে পরিচ্ছন্ন রাখি, তাহলে শহর পরিচ্ছন্ন থাকবে। এসময় এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :