মেহেরপুর হাসপাতালে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৩৬ পিএম

মেহেরপুর হাসপাতালে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি

তৌহিদুল ইসলাম তুহিন , মেহেরপুর : মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। হাসপাতাল চত্বরে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শন চলাকালে দালাল সন্দেহে এক ব্যক্তিকে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সংসদ সদস্যের উপস্থিতিতেই জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ,ঘটনার বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় একজনকে দালাল হিসেবে চিহ্নিত করা হলে তিনি গালাগালি করেন। একপর্যায়ে একটি দলের নেতাকর্মীরা এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর চড়াও হন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, এমপির উপস্থিতিতে জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালের এক স্টাফের গায়ে হাত তোলেন। পরে স্থানীয়রা তাদের ওপর চড়াও হলে বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!