নীলফামারীতে জামায়াতের যুব বিভাগের র‌্যালি ও সমাবেশ

নীলফামারীতে জামায়াতের যুব বিভাগের র‌্যালি ও সমাবেশ

ফাইল ফটো

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা জামায়াত কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফসহ সমাবেশে যুব বিভাগের নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ বলেন, আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ।  কিন্তু অনেক যুবক আজ মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান বন্ধ করতে হবে।

তিনি বলেন, সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি বাড়াতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধে গ্রাম-গঞ্জে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাবেশে যুব বিভাগের নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!