কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা অভিযোগ করেন, সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি, এমনকি পুনরায় ব্লকেড কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চান্দিনার মাধাইয়া স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি, খেলাফত মজলিস নেতা মাওলানা মতিউর রহমান ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, মাধাইয়া-নবাবপুর সড়কটি চান্দিনা উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়নকাজ ধীরগতিতে চলায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট, ধুলাবালি, কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
বক্তারা আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাঘবের দাবি জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শেষ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন এবং পুনরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন :