সাংবাদিক টুটুলের ওপর হামলা: গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ পিএম

সাংবাদিক টুটুলের ওপর হামলা: গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ফাইল ফটো

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।

শুক্রবার সকালে (১৪ আগস্ট) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক টুটুলকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ধারালো রামদা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হামিদ মন্ডল ও তার ছেলে যুবলীগ নেতা সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ, টুটুলকে হত্যার উদ্দেশ্যেই তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপির নেতা হামিদ মন্ডল বলেন, আমি পাশেই ছিলাম, তবে কে আঘাত করেছে তাকে আমি চিনিনা।

হাসপাতালে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর খায়রুল আলম রফিক বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি বলেন, “সাংবাদিক টুটুলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনায় কারও রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিক নেতারা জানান, ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলা হবে।

এদিকে আহত শরীফ ওমর টুটুল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা।

সিয়াম সরিষা
Link copied!