গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যাওয়া ইউনিয়ন পরিষদের সরকারি অর্থে কেনা দুটি চেয়ার পরিষদে ফেরত দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। সংবাদ প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে তার লোকজনের মাধ্যমে চেয়ার দুটি ইউনিয়ন পরিষদে ফেরত পাঠানো হয়।জানা গেছে, চাপাইর ইউনিয়ন পরিষদের সরকারি অর্থে কেনা ১২টি চেয়ারের মধ্যে দুটি চেয়ার প্রায় সাত মাস আগে পরিষদ কার্যালয় থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালিয়াকৈর বাজারে চেয়ারম্যান আনোয়ার হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে চেয়ার দুটি নিয়মিত ব্যবহার করা হচ্ছিল।ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য একাধিকবার চেয়ারম্যানকে অনুরোধ করলেও দীর্ঘদিন তা ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।গত মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকর্মীরা চাপাইর ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারি অর্থে কেনা চেয়ার ব্যক্তিগত কার্যালয়ে ব্যবহারের বিষয়টির সত্যতা যাচাই করেন।
পরে ‘সরকারি টাকায় কেনা ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।এরপরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের ব্যক্তিগত কার্যালয় থেকে চেয়ার দুটি দ্রুত ইউনিয়ন পরিষদে ফেরত আনা হয়।চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, “চেয়ার দুটি ইউনিয়ন পরিষদে ফেরত আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে কেনা ও ইউনিয়ন পরিষদের কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত কোনো আসবাবপত্র ব্যক্তিগত কার্যালয়ে ব্যবহার করা উচিত নয়। তবে সংবাদ প্রকাশের পর চেয়ার দুটি পরিষদে ফেরত আসায় বিষয়টির সমাপ্তি ঘটেছে বলে মনে করছেন অনেকে।এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :