কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৪:৪৩ পিএম

কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী

ফাইল ফটো

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকা থেকে মোছা. তানজিনা (২২) নামে মানসিক ভারসাম্যহীন  তরুণী ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন।  গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তানজিনা লতিবাবাদ চরপাড়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে। এ ঘটনায় তাঁর মা সরুবা আক্তার গত ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি  নং ১৮৭৮ (জিডি) করেন ।

জিডি সূত্রে জানা গেছে, ২৩ জুলাই সকালে তানজিনা নিজ বাড়ি থেকে হেঁটে লতিবাবাদ বাজারের দিকে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তানজিনার মা সরুবা আক্তার বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কাউকে কিছু না বলে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরে আবার বাড়িতে ফিরে এসেছিলেন।

জিডিতে তানজিনার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার বলে উল্লেখ করা হয়েছে। নিখোঁজের সময় তাঁর পরনে সবুজ রঙের কামিজ ছিল।তানজিনার সন্ধান পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল নম্বর ০১৩২০০৯৫৩৯১-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Link copied!