বিরল চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার, দেখা যাবে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম

বিরল চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার, দেখা যাবে যেসব অঞ্চলে

ফাইল ফটো

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে। এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে সময়ের কারণে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।

গ্রহণের মূল দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে। ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ থেকেও চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যেতে পারে।

পৃথিবীর গাঢ় ছায়ায় চাঁদের অধিকাংশ অংশ ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হবে না। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর কারণে তখন চাঁদ তামাটে বা লালচে রঙ ধারণ করতে পারে। এই দৃশ্যকেই প্রচলিতভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।

পুরো গ্রহণের প্রক্রিয়া পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চললেও চাঁদের লালচে বর্ণ ধারণের পর্ব তুলনামূলকভাবে অল্প সময় স্থায়ী হবে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ সুরক্ষা চশমার প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এটি দেখা যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

Link copied!