অভিষেকটা জয়ে রাঙালেন হামজা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৭ এএম

অভিষেকটা জয়ে রাঙালেন হামজা

ফাইল ফটো

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার পরদিনই নতুন মৌসুমে প্রথমবার মাঠে নামলেন হামজা চৌধুরী। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও পুরো ৯০ মিনিট মাঠে থেকে নাটকীয় এক জয় নিয়ে ফিরলেন তিনি। 

ব্রামল লেনে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে হামজার শেফিল্ড ইউনাইটেড। জয় পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে পুরোপুরি স্বস্তিতে থাকার সুযোগ ছিল না বাংলাদেশের এই মিডফিল্ডারের।

ম্যাচের শুরুটাই হামজাদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২৩ সেকেন্ডের মধ্যে বল্টনের আক্রমণ থেকে গোল হজম করে শেফিল্ড। বাঁ প্রান্ত দিয়ে থিয়েরি গ্যালে এগিয়ে এসে ক্রস করেন। হামজা তাকে আটকানোর চেষ্টা করলেও ক্রসটি ঠেকাতে পারেননি। ফিরতি বল থেকে জাভিয়ের সিমন্স গোল করে সফরকারীদের এগিয়ে দেন। 

তবে দ্রুতই সেই ধাক্কা সামলে নেয় শেফিল্ড। চতুর্থ মিনিটে সিডি পেকের ফ্রি-কিক থেকে জাফেত টাঙ্গাঙ্গার হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বিরতির আগে হামজার কাছে এগিয়ে যাওয়ার সুযোগ আসে, কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি তিনি। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে অবশ্য বল্টন অনেক বেশি চাপ তৈরি করে। একের পর এক আক্রমণে শেফিল্ডের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৭ মিনিটে সেই চাপের ফলও আসে। থিয়েরি গ্যালের ক্রস থেকে সাম ডালবি গোল করে বল্টনকে আবারও এগিয়ে দেন। 

কিন্তু এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। মাত্র এক মিনিট পরেই শেফিল্ড সমতায় ফেরে। সাম ম্যাককালামের ক্রস থেকে প্যাট্রিক ব্যামফোর্ড কাছ থেকে বল জালে পাঠান। ম্যাচ তখন এগোচ্ছিল সমতার দিকেই। শেফিল্ডকে অবশ্য কঠিন সময়ে বাঁচিয়ে রাখেন গোলরক্ষক মাইকেল কুপার। দ্বিতীয়ার্ধে বল্টনের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন তিনি।

নাটকের শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত। (৯০+৩) মিনিটে ক্যালভিন ফিলিপসের বাড়ানো বল ধরে রোমেল ডোনোভান দুর্দান্ত শটে বল্টনের জালে পাঠান। চ্যাম্পিয়নশিপে এটিই ডোনোভানের প্রথম গোল। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড। হামজার জন্য ম্যাচটি ছিল দীর্ঘ বিরতির পর শেফিল্ডের জার্সিতে ফেরার প্রথম পরীক্ষা। 

গত মৌসুমে ধারে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এবার গত ৩১ আগস্ট স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেওয়ার এক দিন পরই আবার মাঠে নামতে হলো তাকে। কোচ ক্রিস ওয়াইল্ডার তাকে শুরু থেকেই মাঠে রাখেন এবং পুরো ম্যাচ খেলার সুযোগ দেন।

তবে রাইটব্যাক পজিশনে খেলায় পুরো ম্যাচে হামজাকে খুব একটা স্বচ্ছন্দ মনে হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার তার পারফরম্যান্সে ১০-এর মধ্যে ৫ রেটিং দিয়েছে। বিশেষ করে শুরুতে বল্টনের আক্রমণ এবং পরে গোলের সুযোগ নষ্ট করায় তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তবু ব্যক্তিগত অস্বস্তিকে পাশে রেখে দলের জয়ের অংশ হতে পেরেছেন হামজা। 

ম্যাচ শেষে ব্রামল লেনে ফিরে আসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা জানান, এই মাঠ ও এখানকার সমর্থকরা তার কাছে বিশেষ। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়াটা অবশ্যই তারা চাইনি। কিন্তু সতীর্থদের লড়াইয়ের মানসিকতাই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে।

দীর্ঘ সময় পর শেফিল্ডে স্থায়ীভাবে ফেরার প্রথম ম্যাচেই হামজা পেলেন ৯০ মিনিটের খেলার সুযোগ। ব্যক্তিগতভাবে রাতটা নিখুঁত না হলেও শেষ মুহূর্তের জয় তার প্রত্যাবর্তনকে দিয়েছে অন্য রকম স্বস্তি।

Link copied!