মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মিরসরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০০ পিএম

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মিরসরাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ফাইল ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রচার করায় মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কামরুল ইসলামের (৩০) ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজার এলাকায় এ হামলার শিকার হন তিনি।​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতকারী অন্ধকারাচ্ছন্ন করেরহাট বাজার এলাকায় সংবাদকর্মী কামরুল ইসলামের গতিপথ রোধ করে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাঁর ওপর বেপরোয়া মারধর শুরু করে। হামলায় তাঁর মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। মারধরের একপর্যায়ে কামরুলের কাছে থাকা ব্যবহৃত একটি দামি স্মার্টফোন এবং নগদ অর্থ ছিনতাই করে নেয় হামলাকারীরা। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কামরুল ইসলাম জানান, এলাকায় চলমান মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মোহনা টেলিভিশনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মুরাদ হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এ ন্যাক্কারজনক হামলা ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

​সংবাদকর্মীর ওপর হামলার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে। উক্ত ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে একজন পেশাদার সাংবাদিকের ওপর এভাবে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Link copied!