শোয়েব মুনশীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম

শোয়েব মুনশীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গৌরীপুর পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পশ্চিম দাপুনিয়ার বাসিন্দা আব্দুল ওয়াহেদের স্ত্রী রেজিয়া খাতুন বলেন, “শোয়েব মুনশীর বাবা মরহুম আব্দুল খালেক মুনশী ছিলেন একজন জনদরদী মানুষ। তাঁর সুযোগ্য সন্তান শোয়েব মুনশী আমাকে দাদু বলে ডাকে। আমি আমার নাতির মুক্তি চাই। একই গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী রহিমা খাতুন বলেন, “শোয়েব মুনশী এলাকার জনদরদী মানুষ। তিনি কাউকে খুন করতে পারেন না। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

শোয়েব মুনশীর পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে। তাঁদের অভিযোগ, এ মামলায় শোয়েব মুনশী, তাঁর ভাই অলি মুনশী ও নূহ মুনশীসহ পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। তাঁরা শোয়েব মুনশীসহ মামলায় আটক সব আসামির মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পশ্চিম দাপুনিয়ার ফুলবানু, নুরেজা আক্তার, আছিয়া খাতুন, সতিষা গ্রামের দুলেনা খাতুন, ফজিলাতুনেছা, খোদেজা আক্তার, পূর্ব দাপুনিয়ার সাহেরা খাতুন, জামেলা খাতুন, ইউসুফাবাদের তারাবানু, হাজেরা খাতুন, সাতুতী গ্রামের নুর জাহান আক্তার, আসমাহুল হোসনা রেখা, আম্বিয়া আক্তার, পশ্চিম দাপুনিয়ার আব্দুল গনি, আব্দুস সালাম, সতিষার আব্দুল বারেক, গোলকপুরের রুবেল মিয়া, কলতাপাড়ার আব্দুর রহিম আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ জুন পিকআপচালক মানিক মিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি শোয়েব মুনশী, অলি মুনশী, নূহ মুনশী, আল ইমরান খান, হাদীস মিয়া, উজ্জ্বল মিয়া, রিফাত খান ও জুনায়েদ গত ২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিয়াম সরিষা
Link copied!