ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের যোগদানের পর তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি সূত্রের দাবি, মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগের পরই একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে।
গত ৮ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন সাজ্জাদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও মন্তব্য ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের দায়িত্বে থাকাকালে মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা রাখেন সাজ্জাদ হোসেন। ওই সময়ও তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ ওঠে। এমনকি তাকে ময়মনসিংহে থাকতে দেওয়া হবে না— এমন প্রচারণাও একটি পক্ষ চালিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সাজ্জাদ হোসেন দীর্ঘদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫ আগস্টের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টদের দাবি।
এর আগে রাজনৈতিক ‘ট্যাগ’ দেওয়ার অভিযোগে তাকে বান্দরবানে পোস্টিং করার ঘটনাও আলোচনায় আসে। সংশ্লিষ্টদের দাবি, ‘ছাত্রদলের ট্যাগ’ দিয়ে তাকে বদলি করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ঈশ্বরগঞ্জে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিস্তার নিয়ে নানা অভিযোগ রয়েছে। নতুন দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলে কার্যকর অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন ওসি সাজ্জাদ হোসেন। তার এমন অবস্থানের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে অপপ্রচার শুরু হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
তাদের দাবি, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা উচিত। একই সঙ্গে অতীতে তদন্তে যেসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, সেসব বিষয় নতুন করে প্রচারের আগে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে অপপ্রচারের বিষয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, “আমার প্রথম কাজ মাদক নির্মূল করা। আমি যেখানে চাকরি করব, সেখানে মাদক কারবারি থাকতে পারবে না। আমি যুব সমাজকে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, “ভালো কাজ করলে অপপ্রচার হবে। এতে মন খারাপ করার কিছু নেই।” এ সময় তিনি মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :