গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালকে পিটিয়ে মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম

গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালকে পিটিয়ে মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ

ফাইল ফটো

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এইচ টি তোফাজ্জালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এইচ টি তোফাজ্জাল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরীপুরে সাংবাদিকতার পাশাপাশি কম্পিউটার সেন্টার পরিচালনা ও ইংরেজি শিক্ষাদানের সঙ্গে যুক্ত। গৌরীপুরে তার নিজস্ব একটি কোচিং সেন্টারও রয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, গৌরীপুর এলাকায় মাদক ও জুয়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক তোফাজ্জাল। এ কারণে মাদক কারবারি ও অপরাধীদের একটি মহলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করার পর মাদকসহ পুলিশের কাছে তুলে দেয়। পরে পুলিশ তাকে গৌরীপুর থানায় নিয়ে যায়।

তবে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সাংবাদিক এইচ টি তোফাজ্জালের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। কয়েকজন ব্যক্তি তাকে ধরে মাদকসহ থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে; কিন্তু কাউকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে— এমনটাই প্রত্যাশা সাংবাদিক মহলের।

সিয়াম সরিষা
Link copied!