কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পূর্বধইর পশ্চিম ও দারোরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযানে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানা এলাকার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া ও নবীয়াবাদ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। এমন অভিযোগের ভিত্তিতে দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, কৃষিজমির উর্বরতা ও টপ সয়েল (উপরিভাগের মাটি) রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :