ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় একটি ঘরে একা অবস্থায় তিন শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। আট ও পাঁচ বছর বয়সী দুই শিশু এবং তিন মাস বয়সী এক শিশুকে মঙ্গলবার বিকেলে অসহায় অবস্থায় পাওয়া যায়। মায়ের দুধের অভাবে তিন মাস বয়সী শিশুটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। উদ্ধার হওয়া শিশুদের বড় দুই জন জানায়, কয়েক দিন আগে তাদের মা তাদের নিয়ে নতুন ভাড়া বাসায় ওঠেন। মঙ্গলবার সকালে মা বাইরে যাওয়ার পর আর ফিরে আসেননি। দীর্ঘ সময় মা না ফেরায় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধারে এগিয়ে আসেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, সমাজসেবা কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা লিডো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়। একই সঙ্গে শুরু হয় তাদের মায়ের সন্ধান। সম্মিলিত প্রচেষ্টায় বুধবার মায়ের সন্ধান পাওয়া যায়। মা কেরানীগঞ্জ মডেল থানায় উপস্থিত হলে জানা যায়, শিশুদের বাবা একটি মামলায় বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে চরম আর্থিক সংকটে পড়া ওই নারী অভাব ও মানসিক চাপের কারণে দিশেহারা হয়ে পড়েছিলেন।
পরিস্থিতি ও পারিবারিক বাস্তবতা যাচাই-বাছাইয়ের পর বুধবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কদ্দুস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে শিশু তিনটিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মায়ের কোলে ফিরে পেয়ে শিশুরা পুনরায় নিরাপদ আশ্রয় খুঁজে পায়। কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিবলী জামান জানান, শিশুদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পরিবারটির নিয়মিত খোঁজ রাখা হবে এবং শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, পরিবারটির আর্থিক ও পারিবারিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ওই নারীকে সমাজসেবা কার্যালয়ে ডাকা হয়েছে। সংকটে পড়া একটি পরিবারের পাশে প্রশাসন, পুলিশ ও স্থানীয় মানুষের এই সম্মিলিত উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার মতামত লিখুন :