সাতকানিয়া-ঢেমশার দুই বোনের সাফল্য, একসঙ্গে এমবিবিএস পাস

মো: শাহেদ , সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম

সাতকানিয়া-ঢেমশার দুই বোনের সাফল্য, একসঙ্গে এমবিবিএস পাস

বাবার হাতে অসুস্থ মানুষের চিকিৎসা দেখে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন দুই বোন। তাঁদের বাবা আব্দু ছালাম দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ফকিরপাড়ায় পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছেন। মানুষের প্রতি বাবার মমত্ববোধ, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং চিকিৎসাসেবার প্রতি তাঁর নিষ্ঠাই দুই বোন তাসরিফা আক্তার (জনি) ও নারগিস আক্তারের (সনি) জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

বাবার সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন তাঁরা। অবশেষে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে দুজনই একসঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের এই সাফল্যে এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। একসঙ্গে দুই মেয়ের এই অর্জনে আনন্দিত বাবা আব্দু ছালাম ও পরিবারের সদস্যরা। স্থানীয়দের প্রত্যাশা, বাবার কাছ থেকে পাওয়া মানবিকতার শিক্ষা ধারণ করে দুই বোন ভবিষ্যতে চিকিৎসক হিসেবে মানুষের কল্যাণে কাজ করবেন।

ঢেমশা ইউনিয়নের কৃতী সন্তান, পাবলিক স্কুলের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ জাবেদ বলেন, “তাসরিফা ও নারগিসের এই সাফল্য শুধু তাঁদের পরিবারের নয়, পুরো ঢেমশাবাসীর জন্য গর্ব ও আনন্দের। তাঁদের অর্জন এলাকার শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। এক পরিবারের দুই বোনের একসঙ্গে চিকিৎসক হয়ে ওঠার গল্পটি শুধু একটি পরিবারের সাফল্য নয়, এটি সাতকানিয়া-ঢেমশার গর্ব, একটি বাবার স্বপ্নের সফল বাস্তবায়ন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

Link copied!