চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালের কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
এর মধ্যে পুলিশ সদস্যদের কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন ব্যবস্থা, চিকিৎসাসেবা, ছুটি, রেশন, দায়িত্ব পালনের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি তাদের নিজেদের ও পরিবারের কল্যাণের প্রতিও গুরুত্ব দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমান পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, আন্তরিক ও সেবামুখী আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
অপরদিকে, বৃহস্পতিবার অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
সভায় অপরাধের নতুন ধরন ও প্রবণতা চিহ্নিত করে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা, গোয়েন্দা তৎপরতা জোরদার, মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয়, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি অপরাধ দমনে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই (পুলিশ লাইন্স), আরওআই (রিজার্ভ অফিস)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

আপনার মতামত লিখুন :