মোহাম্মদ আইয়ুব, মাতামুহুরী: কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছদ্মবেশে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাউদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধনিয়াকাটা বটতল বাজারে তিনটি দোকানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পেকুয়া থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :