মনোহরদী চন্দনবাড়ী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা রেজাউল করিম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৯ পিএম

মনোহরদী চন্দনবাড়ী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা রেজাউল করিম

মোঃসোহেল মিয়া ,মনোহরদী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা রেজাউল করিমের নাম আলোচনায় এসেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রেজাউল করিম বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। হামলা ও মামলা উপেক্ষা করে তিনি দলীয় নেতাকর্মী ও সংগঠনকে শক্তিশালী করেছেন। এর আগে তিনি মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মনোহরদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় রেজাউল করিম। মাদকবিরোধী সচেতনতা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। ভোটারদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং রাস্তাঘাটসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রেজাউল করিম। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চন্দনবাড়ী ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার একমাত্র লক্ষ্য।’

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে চন্দনবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার ব্যবস্থায় কাজের অভিজ্ঞতার কারণে চেয়ারম্যান পদে রেজাউল করিমের প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!