আগামীতে চুয়াডাঙ্গার দৃশ্যপট বদলে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

শিমুল রেজা , চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২১ পিএম

আগামীতে চুয়াডাঙ্গার দৃশ্যপট বদলে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নারী স্বাবলম্বী হলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের এই কর্মসূচির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। দেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। এজন্য কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী সদস্যদের ওপর পুরুষ সদস্যরা নানাভাবে নির্যাতন করেন এবং জিম্মি করে রাখেন।

যৌতুক কিংবা শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য নানা অজুহাত দেওয়া হয়। ফ্যামিলি কার্ড নারীদের জন্য সেফগার্ড হিসেবে কাজ করবে। পরিশ্রমী নারীরা এই আড়াই হাজার টাকা জমিয়ে একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার মো. রুহুল কবির খান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সিয়াম সরিষা
Link copied!