টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি আলাউদ্দিন মিয়া। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দে সরকার, শিক্ষক প্রতিনিধি মো. মমিনুল ইসলাম খান, অভিভাবক প্রতিনিধি মো. হাবিবুর রহমান তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করার মাধ্যমে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। সভায় অভিভাবক ও এলাকাবাসী নবগঠিত এডহক কমিটিকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :