কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাবা আক্তার (৩ বছর ৩ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবা আক্তার ওই গ্রামের জাকির মেম্বারের বাড়ির সোহাগ মিয়ার সন্তান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে খেলার ছলে সবার অগোচরে শিশু সাবা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।
দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিষ্পাপ এই শিশুর অকালমৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :