দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলার। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এই আয়োজন করা হয়। মরিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, ‘লাঠি খেলা আমাদের গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় অনেক লোকজ সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।’
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বীরগঞ্জ-কাহারোলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদক থেকে সন্তানদের দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং তাদের চলাফেরা ও বন্ধুদের সম্পর্কে খোঁজ রাখুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব শামিম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন। এ ছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লাঠি খেলাকে ঘিরে বিকেল থেকেই নাগরগঞ্জ স্কুল মাঠে মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মাঠের চারপাশে জড়ো হয়ে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন। ঢোলের তালে তালে খেলোয়াড়দের লাঠির কসরত, আক্রমণ-পাল্টা আক্রমণ ও নৈপুণ্যে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :