পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চকরিয়ার সন্তান মু. নজরুল ইসলাম

মোঃ আলমগীর হোসেন রানা , চকরিয়া উপজেলা, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চকরিয়ার সন্তান মু. নজরুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার সহযোগী অধ্যাপক মু. নজরুল ইসলাম। তাঁর পিএইচডি থিসিসের বিষয় ছিল ‘সিনথেসিস অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অব কম্পোজিট মেটেরিয়াল (বিডিজেডটিও ফেরোইলেকট্রিক এবং এমএনজেডজিএফও ফেরাইটের সমন্বয়ে গঠিত) ফর এনহ্যান্সড মাল্টিফেরোইক প্রপার্টিজ’। বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেনের তত্ত্বাবধানে তিনি এই গবেষণা সম্পন্ন করেন।

পিএইচডি প্রোগ্রাম চলাকালে তিনি প্রতিটি তাত্ত্বিক কোর্সে ৯০ শতাংশ বা ততোধিক নম্বরসহ ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। এ সময়ে তাঁর মোট আটটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউ১ (Q1) ও কিউ২ (Q2) মানের স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে এবং ১০টি কনফারেন্স পেপার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে। মু. নজরুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলহাজ নূরুল ইসলাম ও দিলদার বেগমের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ ও ২০০৮ সালে যথাক্রমে পদার্থবিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৬ সালে বুয়েট থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা মু. নজরুল ইসলাম বর্তমানে বাইউস্ট, কুমিল্লার পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাইউস্টের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও কর্মরত আছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক এবং তাঁর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক। উচ্চতর এই ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি ভবিষ্যতে শিক্ষা ও বিজ্ঞান গবেষণায় আরও গঠনমূলক অবদান রাখতে সবার দোয়া চেয়েছেন।

Link copied!