জায়েদ হোসেন , কমলনগর : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘মুসার বাপের সমাজ’ এলাকার প্রধান সড়ক ধসে যাওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে রাস্তার পাশের খালের প্রবাহ তীব্র হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটির অধিকাংশ ধসে গেছে। ফলে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার স্থানীয় বাসিন্দা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিকল্প কোনো সুব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। অতিদ্রুত সড়কটি সংস্কার করা না হলে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। সড়কটির বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তিনি খুব শীঘ্রই সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীর দাবি, জনগণের সীমাহীন দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে বাঁধ ও সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করা হোক।

আপনার মতামত লিখুন :