আওয়ামী লীগ দেশের কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচার করেছে: হাফিজ উদ্দিন আহমদ

রিয়াজ ফরাজী , বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম

আওয়ামী লীগ দেশের কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচার করেছে: হাফিজ উদ্দিন আহমদ

অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের কোষাগার লুণ্ঠন করেছে এবং অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, আওয়ামী লীগ অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। বিদেশি সাহায্যসহ দেশের বিভিন্ন উৎস থেকে আসা অর্থও তারা চুরি করে বিদেশে পাচার করেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রিজার্ভের অর্থ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফিলিপাইনে জড়িতদের অনেকেই কারাগারে থাকলেও বাংলাদেশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো যথাযথ বিচার হয়নি। সরকারি কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ তুলে স্পিকার বলেন, অধিকাংশ সরকারি কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত। ঘুষ ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশে অন্যায়-অবিচারের বিচার দ্রুত সম্পন্ন হলেও বাংলাদেশে বছরের পর বছর মানুষ বিচার চেয়েও অনেক অপরাধের প্রতিকার পাচ্ছে না।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী তাদের আমলে লুটপাটের মাধ্যমে দেশের সর্বনাশ করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লন্ডনে তাঁর ৩৬০টি বাড়ি পাওয়া গেছে। এ ছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তাঁর বিপুল সম্পদের তথ্য রয়েছে। এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা এখনো দায়িত্ব পালন করছেন। এ কারণে অতীতের দুর্নীতি ও লুটপাটের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ। সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, অর্থপাচার এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Link copied!