পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নেছারাবাদ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইদেলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩৭) এবং উত্তর স্বরূপকাঠির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফারুক মোল্লার মেয়ে শিল্পী বেগম ফাতেমা (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই কারবারি নেছারাবাদের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইদেলকাঠি গ্রামের উত্তম মিস্ত্রির ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। উপজেলার যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :