নীলফামারীর চাঞ্চল্যকর গৃহবধূ নাছরিন নাহার (৩৫) হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বাবা আব্দুল জব্বার। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নাছরিনের ওপর তার স্বামী, প্রথম স্ত্রীর সন্তান এবং পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে।
তিনি জানান, গত ২৭ আগস্ট নীলফামারী সদর থানায় দায়ের করা হত্যা মামলায় নিহতের স্বামী আব্দুল মান্নান, প্রথম স্ত্রীর ছেলে দেলোয়ার হোসেন ও আলমগীর হোসেন এবং পুত্রবধূ আরিফা বেগমকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলার আসামিদের পক্ষ থেকে অব্যাহত হুমকি-ধমকির কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নাছরিন হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।
একই সঙ্গে এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহতের বাবা আব্দুল জব্বারের পাশাপাশি নিয়ামুল হক, জিন্নাত আক্তার ইতি, সেরাজুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :