বোদায় নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণে বাধা: প্রকৌশলী ও এলাকাবাসীকে মারধরের-হুমকি, ঠিকাদার গ্রেপ্তার

আল মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬, ০৮:১৪ পিএম

বোদায় নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণে বাধা: প্রকৌশলী ও এলাকাবাসীকে মারধরের-হুমকি, ঠিকাদার গ্রেপ্তার

ফাইল ফটো

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাকা সড়ক নির্মাণে সিডিউল বহির্ভূত নিম্নমানের ইট ব্যবহারে বাধা দেওয়ায় এলজিইডির প্রকৌশলী, সার্ভেয়ার ও স্থানীয় বাসিন্দাদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সাব-ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত শাহীনুর রহমান শাহীন (৩৩) দেবীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতা এবং ট্রাক্টর মালিক সমিতির সভাপতি। ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের মৌলভীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোদা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার হযরত আলী বাদী হয়ে শাহীনকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে বোদা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহীনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ১০০ পিস নিম্নমানের ইট জব্দ করেছে।

​গ্রেপ্তার শাহীন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের চাচাতো ভাই। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান-ভাউলাগঞ্জ হয়ে নায়েকপাড়া মোড় পর্যন্ত ৭৪৭ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ভাই বোন ট্রেডার্স’। তবে চুক্তি অনুযায়ী সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করছিলেন 'মেসার্স দুলাল ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী শাহীনুর ইসলাম শাহীন।

​গত মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন রাস্তার এজিং-এ নিম্নমানের (৩ নম্বর) ইট ব্যবহারের খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে যান বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান এবং সার্ভেয়ার  হযরত আলী। ঘটনাস্থলে অনিয়মের সত্যতা পেয়ে কৈফিয়ত চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব-ঠিকাদার শাহীন। এসময় তিনি ও তার সহযোগীরা এলজিইডি কর্মকর্তাদের ধাক্কাধাক্কি করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, আমরা যেমন ইচ্ছা তেমন করে কাজ করব। কেউ বাধা দিতে আসলে জানে মেরে ফেলব। 

​ঠিকাদারের এমন ঔদ্ধত্য দেখে স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীনসহ ৩-৪ জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও শাহীনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় জানান, ঘটনাস্থলের একটি খোলা জায়গা থেকে রাস্তা নির্মাণে ব্যবহৃত ‘MMR2’ লেখা ১০০ পিস নিম্নমানের ইট জব্দ করা হয়েছে। ​বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, নিম্নমানের ইট ব্যবহারের জন্য অভিযুক্ত ঠিকাদারকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তোয়াক্কা না করে ইচ্ছেমতো কাজ চালিয়ে যান। ঘটনার দিন তিনি ও তার লোকজনের আচরণ বেপরোয়া হয়ে উঠলে বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেওয়া হয়।

​এলজিইডির পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী মাঈনুল ইসলাম বলেন, সরকারি কাজের অনিয়ম, দায়িত্বরত কর্মকর্তা ও স্থানীয়দের সাথে অসদাচরণের ঘটনায় মামলা হয়েছে। উন্নয়ন কাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না; একচুলও ছাড় দেওয়া হবে না।  ​বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা, অর্থ অপচয়, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলাটি করা হয়েছে। প্রধান আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!