নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন- মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সি ও সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনান। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। এছাড়া সোনারগাঁ থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :