বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা অর্থায়ন পরিচালনার সাধারণ নির্দেশিকা, ২০২৬’-কে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমান নির্দেশিকায় গবেষণা প্রকল্প পরিচালনা ও অর্থায়নের ক্ষেত্রে শিক্ষকদের পদমর্যাদা এবং পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনেক সম্ভাবনাময় গবেষক সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের মতে, গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা কেবল পদমর্যাদা দিয়ে নির্ধারণ করা যায় না। গবেষণার মান, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, গবেষণাপদ্ধতি, পূর্ববর্তী অভিজ্ঞতা, প্রকাশনা এবং বাজেট ব্যবস্থাপনার মতো বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ।
শিক্ষকরা আরও বলেন, নির্ধারিত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল পদমর্যাদার কারণে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের ‘প্রিন্সিপাল ইনভেস্টিগেটর’ (পিআই) হিসেবে আবেদন থেকে বাদ দেওয়া হলে তরুণ গবেষকদের সুযোগ সীমিত হয়ে পড়বে। একইভাবে, পিএইচডি ডিগ্রি না থাকায় অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়াও অযৌক্তিক। পাবিপ্রবির ২১৩ জন শিক্ষকের মধ্যে প্রায় ৭৫ দশমিক ৫৯ শতাংশের পিএইচডি ডিগ্রি নেই। পিএইচডি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ যোগ্যতা হলেও, প্রকল্প পরিচালনার সক্ষমতা মূল্যায়নে একেই একমাত্র মানদণ্ড করা উচিত নয়।
মানববন্ধনে বক্তব্য দেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. শাহেদুল আলম, আশিকুর রহমান অভি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ড. নাফিস হোসাইন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল আলম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
আশিকুর রহমান অভি বলেন, নীতিমালাটি সংশোধন করে তরুণ গবেষকদের গবেষণায় উৎসাহিত করা প্রয়োজন। অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, মফস্বল অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে এমনিতেই গবেষণার সীমাবদ্ধতা রয়েছে। এর ওপর নতুন করে বৈষম্য তৈরি করা হলে শিক্ষকরা গবেষণা থেকে পিছিয়ে পড়বেন। গবেষণায় প্রতিযোগিতা হওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, কোনো নির্দিষ্ট ডিগ্রির ভিত্তিতে নয়। মানববন্ধন শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ইউজিসির কাছে চার দফা দাবি ও সুপারিশসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :