ফুলবাড়ীয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম

ফুলবাড়ীয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ধামর ফালুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  এর আগে ধামর ফালুর বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় মোস্তাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুল লতিফ, মাওলানা ইমদাদুল হক, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রবণতা বেড়েছে। পাশাপাশি জুয়ার আসরও পরিচালিত হচ্ছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কিশোর ও তরুণদের একটি অংশ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসী ধামর ফালুর বাজারে বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

Link copied!